১২ ঘণ্টার মধ্যে সরাতে হবে কুরবানির বর্জ্য: প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ
১২ ঘণ্টার মধ্যে সরাতে হবে কুরবানির বর্জ্য: প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী পবিত্র ঈদুল আজহার কুরবানি পরবর্তী বর্জ্য অপসারণে সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পশু কুরবানির পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পর্যায়ের বর্জ্য পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৪ মে ২০২৬) সচিবালয়ে ঈদুল আজহার ব্যবস্থাপনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কুরবানি পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী আজ স্পষ্ট অনুশাসন জারি করেছেন যে, কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। আগে বর্জ্য উপচে পড়ার যে চিত্র দেখা যেত, তা এবার হতে দেওয়া হবে না। স্যানিটেশনসহ জনস্বাস্থ্য রক্ষায় সব ধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

বর্জ্য অপসারণের এই নির্দেশনা বাস্তবায়নে আগামী কয়েক দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, মেয়র এবং জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা যেন ‘অক্ষরে অক্ষরে’ প্রতিপালিত হয়, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সাথেও বৈঠক করা হবে। পশুর ট্রাকে চাঁদাবাজি রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন