ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২৪ মার্চ পল্টন থানার মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ