ফেনীর শহীদুল্লা কায়সার সড়কের কাজ শুরু

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
ফেনীর শহীদুল্লা কায়সার সড়কের কাজ শুরু

জহিরুল হক মিলন, ফেনী: চাঁদার দাবিতে হামলা ও শ্রমিকদের মারধরের ঘটনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ফেনী পৌরসভা প্রশাসক রোমেন শর্মা এই পাইলট প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)-এর প্রতিনিধি সাইফুল ইসলামসহ এলজিইডি ও সড়ক বিভাগের কর্মকর্তারা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মাধ্যমে ফেনী শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং ডাক্তারপাড়া ও শিল্পকলা একাডেমি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে প্রায় ২৮ কোটি টাকার এই পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 'সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের (আরইউটিডিপি)' অধীনে এই কাজ পরিচালিত হচ্ছে।

গত বছরের ২৭ অক্টোবর কার্যাদেশ পেলেও বারবার হামলার মুখে কাজ বন্ধ ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরুর সময় স্কেভেটর ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্থানীয় একটি মহলের ৩ কোটি টাকা চাঁদা দাবি এবং কাজের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গত পাঁচ মাস কোনো কাজ করা সম্ভব হয়নি। এই অচলবস্থার কারণে ফেনীর জন্য বরাদ্দকৃত ১ হাজার কোটি টাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছিল।

ফেনী পৌর প্রশাসক রোমেন শর্মা বলেন, "এই প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর আগামী ৬ বছরে ফেনীতে প্রায় ১ হাজার কোটি টাকার উন্নয়ন নির্ভর করছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আজ কাজ শুরু হয়েছে, আশা করছি দ্রুততম সময়ে এটি সম্পন্ন হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন