ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৪ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযান চালায়। অভিযানে মোঃ মনির মিয়া (২৮) নামক এক মাদক কারবারিকে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হবিগঞ্জের মাধবপুর থানার ধর্মঘর এলাকার বাসিন্দা।
এর ঠিক এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় একই এলাকায় অপর একটি অভিযানে একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে পুলিশ। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা মোঃ ফয়সাল ও মোঃ নুরুল হুদা ওরফে পাবেল-এর কাছ থেকে ৩,৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত ফয়সাল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ