ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন যে, চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে। দেশের প্রতিটি শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনতে বর্তমানে জোরালো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
টিকা কার্যক্রমের অগ্রগতি: বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে এবং অনেক এলাকায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ করে, যে ৩০টি উপজেলায় সবার আগে টিকা কার্যক্রম শুরু হয়েছিল, সেখানে বর্তমানে নতুন কোনো রোগী নেই।
জরুরি পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী বলেন, "টিকা হাতে পাওয়ার পর আমরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করিনি। ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আমরা তা ১৪ দিন এগিয়ে ২০ এপ্রিল থেকেই শুরু করেছি।" তিনি আরও উল্লেখ করেন যে, গত ছয় বছর শিশুদের হামের টিকা দেওয়া হয়নি। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং আমেরিকার জরুরি সহায়তায় এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে।
ডেঙ্গু প্রস্তুতি: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে ইউনিভার্সিটি প্লে-গ্রাউন্ডে তাঁবু স্থাপনের কাজ শুরু হবে। তবে তিনি মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের ওপর জোর দেন এবং এ বিষয়ে সিটি করপোরেশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ