নোবিপ্রবিতে বায়োসেফটি-বায়োসিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
নোবিপ্রবিতে বায়োসেফটি-বায়োসিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের উদ্যোগে ‘Hands-on Training on Biosafety and Biosecurity’ শীর্ষক তিন দিনব্যাপী এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে।

তিন দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ল্যাবরেটরিতে নিরাপদভাবে কাজ করার কৌশল, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস (GLP), বায়োসেফটি লেভেল, রিস্ক গ্রুপ এবং বিভিন্ন ধরনের হ্যাজার্ড বা ঝুঁকি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের গবেষণা ও ল্যাবভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুনাসার মিয়া। মূল বক্তা (কী-নোট স্পিকার) হিসেবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাফিজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদের।

বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুনাসার মিয়া বলেন, "শিক্ষার্থীরা ল্যাবরেটরি কার্যক্রম শুরু করার আগেই নিরাপত্তা ও সুরক্ষার নিয়মাবলি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবে—এই লক্ষ্যেই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। নোবিপ্রবিতে এই প্রথম এ ধরনের বৃহৎ উদ্যোগ নেওয়া হলো, যা ল্যাবের সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্যের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।"

অংশগ্রহণকারী শিক্ষার্থী নুসরাত জাহান নিশাত ও মো. ইয়াসিন জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ল্যাবরেটরির ঝুঁকি মোকাবিলা এবং আত্মসুরক্ষা বজায় রেখে উন্নত গবেষণার কৌশল সম্পর্কে গভীর ধারণা পেয়েছেন, যা তাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন