মৌলভীবাজারে ডুবছে স্বপ্ন: চাষিরা দিশেহারা

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে ডুবছে স্বপ্ন: চাষিরা দিশেহারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির তোড়ে হাকালুকি ও কাউয়াদীঘি হাওরের পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, জেলায় এবার ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার বড় অংশই হাওরাঞ্চলে। বর্তমানে প্রায় ৮৯৭ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। শ্রমিক সংকট, টানা বৃষ্টি আর বজ্রপাতের আতঙ্কে ধান কাটার গতি ধীর হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আউশ ধানের বীজতলা ও সবজি খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকদের অভিযোগ—কাশিমপুর পাম্প হাউজের সঠিক ব্যবস্থাপনা ও সব সেচ পাম্প সচল না থাকায় হাওরের পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে, যার ফলে ফসল ডুবে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সেচ কার্যক্রম নিয়মিত সচল রয়েছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।

পাউবো সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জুড়ী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার নিচেই রয়েছে। টানা বৃষ্টিতে নিচু এলাকার বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জালাল উদ্দিন বলেন, হাওরাঞ্চলে ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বড় ধরনের ক্ষতির শঙ্কা নেই; বৃষ্টি কমলে বাকি ধান কাটার কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন