চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ১০ বছর বয়সী শিশু গৃহপরিচারিকা আয়েশাকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় গত বুধবার সন্ধ্যায় আয়েশাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির শরীরে অসংখ্য পুরনো ও নতুন জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আয়েশা জেলার সরাইল উপজেলার পাকশিমুল এলাকার রাকিব মিয়ার মেয়ে। অভিযুক্তরা হলেন— চিকিৎসক নোমান ও চিকিৎসক কিমিয়া সাদাত তোফা। ৯ মাস আগে আয়েশাকে তাদের বাসায় কাজে দেওয়া হয়। স্বজনদের অভিযোগ, গত তিন মাস ধরে তাকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সম্প্রতি ওই দম্পতি আয়েশা নিখোঁজ হওয়ার কথা জানালে ২৬ এপ্রিল সদর থানায় জিডি করেন তার বাবা। পুলিশ তদন্ত চালিয়ে গত বুধবার পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

আয়েশার বাবা রাকিব মিয়া অভিযোগ করেন, সামান্য ভুল হলেই তার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালানো হতো। গত তিন মাস ধরে তাকে পশুর মতো মারধর করা হয়েছে। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও কঠিন বিচার দাবি করেছেন।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নোমান দাবি করেন, আয়েশা তাদের ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে শিশুটির শরীরের আঘাতের চিহ্নের ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজ ডায়েরির ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন