সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

সকালবেলা অনলাইন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আত্মগোপনে থাকা মিঠু প্রায় এক মাস আগে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় বাসা ভাড়া নেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রধানত ঢাকার মিরপুর থানায় মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, ‘ফর্মা মিঠু’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও প্রতারণাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া ২০২২ সালে হেরোইনসহ র‍্যাবের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত শেরেবাংলা নগর ও মিরপুর থানার হত্যা মামলাতেও তাঁর নাম রয়েছে বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা