এনএসআইয়ের ফাঁদে ভুয়া চিকিৎসক আটক

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
এনএসআইয়ের ফাঁদে ভুয়া চিকিৎসক আটক

বিশেষ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে রোগী সেজে অভিযান চালিয়ে তাসলিমা আক্তার আন্নি নামের এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। কোনো ধরনের স্বীকৃত ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে তিনি রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মাধবপাশা বাজারের মেসার্স আন্নি ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও প্যাথলজিস্ট না থাকায় একই বাজারের ‘পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আন্নি ফার্মেসিতে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অ্যালোপ্যাথিক ওষুধ ও ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন তাসলিমা আক্তার আন্নি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় এনএসআইয়ের এক সদস্য সাধারণ রোগী সেজে ওই চেম্বারে প্রবেশ করেন এবং তাঁর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ওই নারীর কোনো মেডিকেল ডিগ্রি বা বিএমডিসি নিবন্ধন না থাকলেও তিনি মা ও শিশুসহ বিভিন্ন রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এছাড়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স ছাড়াই শিশুখাদ্য বিক্রি এবং ওপরের তলায় অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনার সত্যতা মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই বাজারে পরিচালিত ‘পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এ প্রয়োজনীয় সনদ ও বৈধ প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাব্বির সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তুর্য্য অধিকারী জানান, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা নিবন্ধন ছাড়া অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে ব্যবস্থাপত্র দেওয়া জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এআইএল/সকালবেলা