হেডাম দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
হেডাম দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

বিশেষ প্রতিনিধি: চাঁদাবাজি, জুলুম, নির্যাতন ও সালিশ-বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, কেউ নিজের ‘হেডাম’ দেখাতে চাইলে তার জন্য বিএনপির দরজা বন্ধ। একই সঙ্গে দলের মধ্যে কোনো প্রকার বিভাজন ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সামাজিক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, মাদক ও জুয়াসহ নানা সামাজিক অপরাধ বন্ধে বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে। কিন্তু দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিরোধের কারণে কেউ কেউ এসব ভালো উদ্যোগে অসহযোগিতা করছেন। ক্ষমতায় থাকার সুযোগে বিএনপিতে নতুন মানুষের অভাব হবে না, তবে দল থেকে সুযোগ নিয়ে যারা বিশ্বাসঘাতকতা করবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ বা গ্রুপিং করলে জামায়াত সেই সুযোগের অপব্যবহার করবে। কোনো দলাদলি বা বিভাজন নয়, দলকে সুসংগঠিত রাখতে ঐক্যের বিকল্প নেই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সুফল পেতে হলে এখন থেকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।

এআইএল/সকালবেলা