টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলা শেষে তারা বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে কলা খেয়ে কাছের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ফয়সাল পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে পানিতে নামে চাচা আব্দুর রহমান। কিন্তু ভাতিজাকে বাঁচাতে গিয়ে তিনিও পানিতে তলিয়ে যান। একপর্যায়ে দুজনই গভীর পানিতে ডুবে মারা যায়।
পরে স্থানীয় লোকজন একজনকে পানিতে ভাসতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দুজনকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, দুই শিশু বাড়ির পাশের স্কুল মাঠে খেলাধুলা করতে গিয়েছিল। পরে গোসল করতে নেমে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা
|