টুঙ্গিপাড়ায় বাজেটের সমর্থনে গণসমাবেশ অনুষ্ঠিত
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় পৌর বিএনপির উদ্যোগে
আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) পাটগাতী স্কুল মাঠ প্রাঙ্গণে প্রস্তাবিত বাজেটের সমর্থনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে বাজেট পেশ করা হয়েছে, তা যুগোপযোগী এবং গণমানুষের বাজেট। এই বাজেটে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স কমানো হয়েছে এবং মাদকদ্রব্যের ওপর ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি অপরিহার্য সিদ্ধান্ত।" তিনি আরও বলেন, "গত ১৫ বছরে এরূপ জনবান্ধব বাজেট কোনো সরকার পেশ করতে পারেনি। আমরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বাজেট বাস্তবায়নের জন্য আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।"
শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের তাগিদ দিয়ে স্বেচ্ছাসেবক দল সভাপতি বলেন, "আমাদেরকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।"
পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে আয়োজিত এই গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আগামী দিনের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ও প্রতিজ্ঞা ব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে গণসমাবেশের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা
|