স্ত্রীর গলা কেটে স্বামী রুদ্র পালের আত্মসমর্পণ

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ণ
স্ত্রীর গলা কেটে স্বামী রুদ্র পালের আত্মসমর্পণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৩) ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে তাঁদের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়।

পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটেছে।

হত্যাকাণ্ড ঘটানোর পরপরই অভিযুক্ত পিন্টু রুদ্র পাল সরাসরি জুড়ী থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন