বান্ধবীর সাথে দেখা করতে এসে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
বান্ধবীর সাথে দেখা করতে এসে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ফেসবুকে পরিচয় হওয়া এক নারী বন্ধুর সঙ্গে দেখা করতে এসে আজ শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার মৃত ফেরদৌস উদ্দীনের ছেলে।

নিহতের নারী বন্ধু জানান, প্রায় ৬ মাস আগে ফেসবুকে আল আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসের ১৩ জুন আল আমিন সৌদি আরব থেকে দেশে আসেন। গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে দেখা করার কথা হওয়ার পর, আজ শুক্রবার সকালে ওই নারী বাগেরহাট থেকে গুলিস্তানে আসেন।

এরপর তাঁরা গুলিস্তানের হোটেল রমনার নবম তলার একটি কক্ষে ওঠেন এবং সেখানে তাঁদের কথাবার্তা চলছিল। ওই নারী জানান, একপর্যায়ে আল আমিন ওয়াশরুমে যান। এর কিছুক্ষণ পর হঠাৎ ভেতরের থেকে একটি ভারী শব্দ শুনতে পান তিনি। ভেতরে গিয়ে দেখা যায়, ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর চিৎকার শুনে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসে।

হোটেল কক্ষ থেকে তাঁকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

মৃতের ছোট ভাই রুহুল আমিন জানান, তাঁর বড় ভাই ১৩ তারিখে দেশে ফিরেছিলেন। সৌদি আরব থেকে আনা কিছু মালামাল কাউকে দেওয়ার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। পরে খবর পান যে রমনা হোটেলের ওয়াশরুমে পড়ে তিনি মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পল্টন থানাকে অবগত করা হয়েছে এবং পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন