মহানবীকে কটূক্তি, সৃজন দাসের বিরুদ্ধে ফেনীতে বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ
মহানবীকে কটূক্তি, সৃজন দাসের বিরুদ্ধে ফেনীতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাস নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সৃজন দাস তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার প্রিতিলাল দাসের ছেলে সৃজন দাস ফেসবুক লাইভে এসে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে এরই মধ্যে ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনার জন্ম দেয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন