এক ওড়নায় ঝুলন্ত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তোকিয়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে এক ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন— তোকিয়া ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেন (২৫) এবং একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাকিব ও লিজার বিয়ে হয়। কিন্তু দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় একপর্যায়ে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে দুই পরিবারের সমঝোতায় তাঁরা আবার একসঙ্গে সংসার শুরু করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাকিব বাড়ি ফিরে স্ত্রী লিজার সঙ্গে নিজ ঘরে অবস্থান করছিলেন। সে সময়ও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
বিকেলের দিকে দীর্ঘ সময় ঘরের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এরপর ঘরের দরজা-জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তাঁরা দেখতে পান, শয়নকক্ষের চালের বাঁশের সঙ্গে একটি ওড়না পেঁচিয়ে দুজন ঝুলছেন।
খবর পেয়ে নাটোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতদের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
এআইএল/সকালবেলা
|