৬ মাসে চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
৬ মাসে চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল

অনলাইন ডেস্ক: আগামী ছয় মাসের মধ্যে দেশের খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগামী আগস্টের প্রথম দিকেই চালুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবনির্মিত প্রতিটি হাসপাতালে সেন্ট্রাল এয়ার কন্ডিশন ব্যবস্থা, বৃহৎ পরিসরে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা এবং ভবিষ্যতে শয্যাসংখ্যা ও পরিধি বাড়ানোর সুযোগ রাখা হবে। এসব হাসপাতালের আসবাবপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম পুরোদমে চালু করতে প্রতিটি প্রতিষ্ঠানে ১ হাজার ৪৭৫ জন করে জনবলের প্রয়োজন হবে। এই প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ইতোমধ্যে খুলনা, বরিশাল ও কুমিল্লা সফর করে হাসপাতাল ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি জানান, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রেসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি জুলাই মাসের মধ্যে পৌঁছে যাবে এবং আগামী ১ আগস্ট হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রথম ধাপে সেখানে জরুরি বিভাগের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয়টি বিভাগে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সাথে কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যার প্রেক্ষিতেই এই তোড়জোড় শুরু হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর ৬ বছর ধরে অব্যবহৃত পড়ে থাকা রংপুর শিশু হাসপাতাল এবং বহুল প্রতীক্ষিত কুমিল্লা শিশু হাসপাতাল চালুর কাজও দ্রুত এগিয়ে চলছে। কুমিল্লার জন্য ইতোমধ্যে জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজশাহী শিশু হাসপাতালটি আগামী তিন মাসের মধ্যে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রথম ধাপে আউটডোর বা বহির্বিভাগ সেবা চালু করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন