রাসিকের প্রশাসক হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে চান নগরবাসী

রাসিকের প্রশাসক হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে চান নগরবাসী

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে প্রশাসক হিসেবে দেখতে চান নগরীর সর্বস্তরের মানুষ। সাধারণ নাগরিক ও দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ইতিপূর্বে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সফল ট্র্যাক রেকর্ড বিবেচনায় তাকে দায়িত্ব দেওয়া হলে রাজশাহীর চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে।

রাজশাহী মহানগরীর রাজনীতিতে মোসাদ্দেক হোসেন বুলবুল একজন পরীক্ষিত নাম। দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে প্রতিকূল রাজনৈতিক পরিবেশে প্রথমবার সিটি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও নগরবাসীর সঙ্গে তার যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন। পরবর্তীতে ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ‘আনারস’ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। দায়িত্ব গ্রহণের পর আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর অসমাপ্ত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন বুলবুল। তার মেয়াদকালে নগরীর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বিশেষ প্রশংসা কুড়ায়। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবার মানোন্নয়নে তার গৃহীত পরিকল্পনাগুলো সে সময় নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এনেছিল বলে মনে করেন সাধারণ ভোটাররা।

তবে বুলবুলের সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের সুযোগ পাননি। সে সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয় এবং ২০১৫ সালের ২ মার্চ তার বাসভবনে অনাকাঙ্ক্ষিত পুলিশি অভিযানের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। বুলবুলকে প্রশাসক হিসেবে নিয়োগের দাবি জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি শাহানুর ইসলাম মিঠু বলেন, “বুলবুল ভাই একজন পরীক্ষিত নেতা। দলের দুঃসময়ে তিনি সবসময় পাশে ছিলেন এবং মেয়র থাকাকালে রাজশাহীতে দৃশ্যমান উন্নয়ন করেছেন। যোগ্য ও অভিজ্ঞ হিসেবে আমরা তাকেই প্রশাসক হিসেবে চাই।”

এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, “আমি নিজেকে সবসময় জনগণের সেবক মনে করি। আমাদের নেতা তারেক রহমান যদি আমাকে যোগ্য মনে করেন, তবে তিনি যে দায়িত্ব দেবেন তা পালন করতে আমি সদা প্রস্তুত।” রাজনীতি বিশ্লেষকদের মতে, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে মোসাদ্দেক হোসেন বুলবুলের মতো পরিচিত ও অভিজ্ঞ মুখ কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্তমানে নগরবাসী কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন