খাল রক্ষায় গলাচিপা পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

খাল রক্ষায় গলাচিপা পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনতে এবং খাল রক্ষায় আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুর থেকে পৌর শহরের খেয়াঘাট এলাকা থেকে শুরু হয়ে কলেজ পাড়া পর্যন্ত খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এই কার্যক্রম চালানো হয়। এর আগেও একাধিকবার খালটি অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না হওয়ায় এবার কঠোর অবস্থানে নেমেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে সেচ ব্যবস্থা সচল করার লক্ষ্যে গলাচিপা পৌর এলাকা থেকে উলানিয়া পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে গলাচিপা থানা সংলগ্ন এলাকায় দুই কপাটের একটি স্লুইসগেটের নির্মাণকাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে খালের দুই পাড় দখল করে অসংখ্য মানুষ অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন, যার ফলে খালের স্বাভাবিক প্রবাহ ও সেচ কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। ৮ কিলোমিটার দীর্ঘ এই খালের আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত অংশটি দখলমুক্ত করার কাজ চলছে।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক জানান, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, খালের ওপর অবৈধ স্থাপনা থাকায় সেচ ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ রক্ষায় খালের দুই পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সরকারি সম্পত্তি দখলমুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসন কোনো প্রকার শিথিলতা দেখাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন