কুষ্টিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ও জুয়াড়ি ২৫ জন গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ও জুয়াড়ি ২৫ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা (ফাইল ছবি)।

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় থানা পুলিশের চার ঘণ্টার সাঁড়াশি অভিযানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার পোড়াদহ, সদরপুর ও মশান এলাকায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১০ জন জুয়াড়ি ও ১১ জন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের যৌথ নেতৃত্বে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে পোড়াদহ এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। কেউ কেউ টিনের ঘরের চালা ভেঙে পালানোর চেষ্টা করলেও চতুর্দিক থেকে ঘেরাও করে তাদের আটক করা হয়। পরবর্তীতে সদরপুর ও মশান এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ সদরপুর বাজারের একটি চায়ের দোকানে হাতেনাতে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।

অভিযানের বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের দিকনির্দেশনায় মিরপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং স্থানীয় ফাঁড়ি পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। মোট ২৫ জনকে গ্রেপ্তার করে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ২১ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ সাজা নিশ্চিত করা হয়েছে। সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন