বাঘার ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বাঘা উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও পরীক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ (খানা গণনা) কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষার আয়োজন করে উপজেলা প্রশাসন। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হলে তাদের স্মার্টফোনে তিনটি অ্যাপ ডাউনলোড করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে বলা হয়। কিন্তু কেন্দ্রটি উপজেলা মডেল মসজিদের ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) স্থানে হওয়ায় পর্যাপ্ত মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক ছিল না। ফলে সময়ের মধ্যে অনেকেই অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে চরম ভোগান্তিতে পড়েন।
পরবর্তীতে পরীক্ষা শেষে বিকেল ৩টায় ফলাফল প্রকাশ এবং সাড়ে ৩টায় মৌখিক পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশে ব্যর্থ হয় প্রশাসন। এতে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এরই একপর্যায়ে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। তারা অভিযোগ তোলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও সুপারিশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপর তারা ইউএনওর বিরুদ্ধে সরাসরি ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে ওনার পদত্যাগ ও অপসারণ দাবি করে মিছিল করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার শাপলাসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম বলেন, “উক্ত কর্মকর্তা স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছেন এবং বাঘাবাসীর ওপর অনিয়মের বোঝা চাপিয়ে দিচ্ছেন।”
জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার বলেন, “আমরা অবিলম্বে এই ইউএনওর পদত্যাগ চাই। ওনার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
এদিকে আনীত সব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার সংক্ষেপে বলেন, “এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।”
|