পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক বিবেচনা নয় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (২৬ জুলাই) সকালে ঢাকা সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সশস্ত্র বাহিনীর সব সদস্যের অবদান কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বীর সেনাসদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যে কোনো দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” এ সময় সেনাপ্রধানসহ বাহিনীর সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। সেনাসদর নির্বাচনী পর্ষদের শুভ উদ্বোধন করায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে এক প্রীতি ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পরিদর্শক বইয়ে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।
|