তানোরে জমি নিয়ে বিরোধে হাতুড়িপিটায় কৃষকের পা ভেঙে দিল প্রতিপক্ষ
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী : রাজশাহীর তানোরে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে এক বর্গা চাষীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ।
আজ রোববার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে এ নৃশংস ঘটনা ঘটে। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় বর্গা চাষী শামিম আলীকে (৪৫) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শামিম উপজেলার কচুয়া জিতপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক মুনসুর রহমানের ৭ বিঘা জমি প্রায় ৮ বছর ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিলেন শামিম। উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং প্রতিপক্ষ কচুয়া জিতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রায়হান ও এমদাদের বিরুদ্ধে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও রায়হান ও এমদাদ বর্গা চাষী শামিমকে চাষাবাদে বাধা দিয়ে আসছিল। সম্প্রতি ওই বিতর্কিত জমিতে শামিম রোপা আমন ধান রোপণ করেন।
আজ কৃষ্ণপুর হাটে সওদা করতে আসলে তাকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে রায়হান ও এমদাদ হাতুড়ি নিয়ে প্রকাশ্য হামলা চালায়। এ সময় হাতুড়ির উপর্যুপরি আঘাতে শামিমের পা ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন। বাজারে উপস্থিত সাধারণ জনতা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং স্বজনদের খবর দিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
জমির মালিক মুনসুর রহমানের জামাতা মিজানুর রহমান বলেন, “জমির সকল বৈধ কাগজপত্র আমাদের এবং দীর্ঘদিন ধরে আমাদের দখলেই রয়েছে। প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছে। তারা অন্যায়ভাবে আমাদের বর্গা চাষীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
হামলার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করা হলেও প্রতিপক্ষ রায়হান ও এমদাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|