কালীগঞ্জে এবার তুমুলিয়া মোড়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
কালীগঞ্জে এবার তুমুলিয়া মোড়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া মোড়ে গোড়ার মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি (ফাইল ছবি)

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আবারও নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি নিয়ে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত মে মাসে উপজেলার শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই এবার পৌরসভার অত্যন্ত ব্যস্ততম তুমুলিয়া মোড়ে একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় এটি ভেঙে পড়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তুমুলিয়া মোড় কালীগঞ্জ পৌরসভার অন্যতম প্রধান বাণিজ্যিক ও ব্যস্ত এলাকা। সেখানে চারটি গুরুত্বপূর্ণ বাস ও অটোরিকশা স্ট্যান্ড থাকায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন চলাচল করে। এত জনবহুল স্থানে থাকা বিদ্যুতের খুঁটিটির গোড়ার মাটি সরে গিয়ে বড় গর্ত হওয়ায় এবং বৃষ্টির পানি জমে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের মতে, খুঁটিটি বর্তমানে শুধুমাত্র মাথার ওপরের বৈদ্যুতিক তারের টানেই কোনোমতে দাঁড়িয়ে আছে। বর্ষাকালে সামান্য ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টি হলেই এটি ধসে পড়তে পারে।

ঝুঁকিপূর্ণ খুঁটির পাশেই ব্যবসা পরিচালনা করা মো. মিলন মোল্লা উদ্বেগের সঙ্গে জানান, “খুঁটিটি আমার দোকানের একদম সামনে। গোড়ায় কোনো মাটিই নেই বলা চলে। সামান্য ঝড়-বৃষ্টিতেই এটি হেলে পড়ে ভেঙে যেতে পারে। তেমনটা হলে কেবল আমার দোকান নয়, পাশে স্ট্যান্ডে থাকা বহু অটোরিকশা চালক ও সাধারণ যাত্রীরা চরম বিপদে পড়বেন। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছি।”

স্থানীয়দের এই তীব্র আশঙ্কার পেছনে রয়েছে সাম্প্রতিক এক ট্র্যাজিক স্মৃতি। গত ৬ মে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় একটি বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই স্কুলশিক্ষিকা শিউলি বেগম (৪৫) মারা যান এবং আরও দুজন গুরুতর আহত হন। সে সময় মানদণ্ড না মেনে খুঁটি বসানোর অভিযোগ উঠলেও উপজেলার অন্য ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো তদারকি ও সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ এলাকাবাসী।

বিষয়টি নিয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নবযোগদানকৃত উপ-মহাবিভাগীয় প্রকৌশলী (ইউজিএম) মো. জাহাঙ্গীর আলম জানান, “আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হলাম। স্থানটির গুরুত্ব বিবেচনা করে অতি দ্রুত সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সব আইনি ও সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

কোনো অপ্রীতিকর অঘটন বা প্রাণহানি ঘটার আগেই ঝুঁকিপূর্ণ এই খুঁটিটি অপসারণ বা মজবুতভাবে সংস্কার করে সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজ।

মন্তব্য করুন