ট্রাকচালক হত্যা মামলা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জ শুনানি ১৩ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. হোসেন নামে এক ট্রাকচালককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের (অভিযোগ গঠন) শুনানি পিছিয়ে আগামী ১৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
আজ রবিবার (২৬ জুলাই) যুক্তিতর্ক ও আবেদন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত চার্জগঠনের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটিতে কারাগারে থাকা মোট আসামিদের মধ্যে ফোরকান নামে এক অভিযুক্ত ব্যক্তি শারীরিক বা অন্যান্য কারণে আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে সময় আবেদন করা হয়। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও সময় প্রার্থনা করেন। উভয়পক্ষের আবেদন বিবেচনা করে বিচারক ১৩ আগস্ট শুনানির পরবর্তী দিন পুনর্নির্ধারণ করেন।
আইনজীবী জানান, মামলায় অভিযুক্ত ৩৪ জন আসামির মধ্যে রবিবার ৪ জনকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ৮ জন আসামি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত ছিলেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওইদিন তিনি গাবতলীতে নিজের ট্রাক পার্ক করে রেখে বাসায় ফেরার পথে চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরবর্তীতে ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত চালকের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ স্থানীয় একাধিক নেতাকর্মী।
|