বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অনলাইন ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপ’ আকারে একই এলাকার উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সবকটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা এক আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত ও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
|