নাম ও জন্মতারিখ সংশোধন: আবেদনপত্রে প্রতিষ্ঠানের নম্বর দিলেই বাতিল, নতুন নির্দেশ
অনলাইন ডেস্ক: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা বোর্ডে ফরওয়ার্ড করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তির একটি অনুলিপি বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরও তা সময়মতো বোর্ডে ফরওয়ার্ড করে পাঠায় না। ফলে শিক্ষার্থী ও আবেদনকারীরা অযথা বিভ্রান্তি, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক হয়রানির শিকার হন— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, আবেদনপত্রে আবেদনকারী অথবা তার অভিভাবকের নিজস্ব সচল মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক বা অন্য কারও নম্বর ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
|