বাঘাইছড়িতে ৬০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
বাঘাইছড়িতে ৬০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন অতিথিবৃন্দ (ফাইল ছবি)।

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সার-বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দীন বাহারী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বলেন, “সরকারের এই কৃষি প্রণোদনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করলে স্থানীয় চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব হবে। এমনকি উদ্বৃত্ত সবজি পার্শ্ববর্তী উপজেলা ও জেলা শহরগুলোতে সরবরাহ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।”

সভাপতির বক্তব্যে কৃষিবিদ নূর আলম কৃষকদের মানসম্মত বীজের সঠিক ব্যবহার, নির্দিষ্ট পরিমাপে সার প্রয়োগ, চারা রোপণের উপযুক্ত সময় এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি সুযোগ-সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে উপজেলার তালিকাভুক্ত ৬০০ জন কৃষকের হাতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নত জাতের গ্রীষ্মকালীন সবজি বীজ ও পরিমিত রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন