সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক: সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে দেশের বিদ্যমান আইন ও বিধিবিধান অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সদ্যবিদায়ী রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং আমরা তাঁর পূর্ণ সহযোগিতা পেয়েছি।"
রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁর বিরুদ্ধে জামায়াত-এনসিপি নেতাদের তোলা বিভিন্ন অভিযোগ সংক্রান্ত প্রশ্নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ওখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য আমাদের কাছে নেই।"
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, "রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালনের পুরো সময়টিতে সংবিধান অনুসারে তিনি বিশেষ সুবিধা (প্রিভিলেজ) এবং দায়মুক্তি (ইমিউনিটি) ভোগ করেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করার কোনো সুযোগ নেই।"
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের নিরাপত্তা ও পরবর্তী সুযোগ-সুবিধার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "বিধি অনুযায়ী তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। প্রটেকশনের জন্য আইনে ৬ মাসের সুনির্দিষ্ট বিধান রয়েছে। এছাড়া পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাঁর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সংবিধানের বিধিমোতাবেক জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
|