জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে কঠোর হওয়ার নির্দেশ

জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে কঠোর হওয়ার নির্দেশ

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ টাস্কফোর্স ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক জননিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল— নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নিয়মিত বাজার মনিটরিং নিশ্চিত করা, মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ ও অভিযান জোরদার করা এবং সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে অবৈধ চোরাচালান বন্ধ করা। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্সের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, "জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।"

বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ জেলার উন্নয়নে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীনা মাহমুদা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জয়পুরহাট বিনির্মাণে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন