ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধারের নৃশংস ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে দেশে ধারাবাহিকভাবে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং আইনি দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, যা তাদের আরও বেপরোয়া করে তুলছে। ঈশ্বরদীতে দাদি-নাতনির এই নির্মম হত্যাকাণ্ড ও সম্ভাব্য ধর্ষণের ঘটনা পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে বলে তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন যে একটি সভ্য রাষ্ট্রে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব হলেও বর্তমানে মানুষ ঘরে বা বাইরে কোথাও নিরাপদ নয়। এ ধরনের নৃশংসতা প্রমাণ করে যে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ন্যূনতম ভয় অবশিষ্ট নেই। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং তদন্ত প্রক্রিয়ায় যেকোনো ধরনের গাফিলতি রোধ করার আহ্বান জানান।
বিবৃতিতে অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর জোর দেওয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যে যদি দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তবে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা দাবি করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ