জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী মোঃ নিজাম উদ্দিন রাড়ি নিহতের ঘটনায় অভিযুক্ত চালক রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব-৮। দীর্ঘ ১১ মাস পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু খানের ছেলে।
২০২৫ সালের ৬ এপ্রিল বাহেরচর-কাছিপাড়া সড়কে একটি বেপরোয়া ট্রলি গাড়ির চাপায় নিহত হন নিজাম উদ্দিন রাড়ি। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াজ আত্মগোপনে ছিল। দুর্ঘটনার পর থেকে অবৈধ ট্রলি চলাচলের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। এই আন্দোলনের মুখে কাছিপাড়া ইউনিয়নে বর্তমানে অবৈধ ট্রলি চলাচল বন্ধ রয়েছে।
দীর্ঘদিন পর হলেও ঘাতক চালক গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের বেপরোয়া যান চলাচলের সাহস কেউ না পায়।
এ.আই.এল/সকালবেলা