কুমিল্লায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে আসামি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
কুমিল্লায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে আসামি

বিশেষ প্রতিনিধি: কুমিল্লার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী নির্যাতন মামলার এক আসামিকে তিন ঘণ্টার মাথায় ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামির নাম রুবেল, তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট থানায় দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করার জন্য ছয়জন পুলিশ সদস্যের একটি দল কুমিল্লা আদালত প্রাঙ্গণে নিয়ে আসে। আদালত ভবনের নিচে পৌঁছালে কৌশলে পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

আসামি পালিয়ে যাওয়ার পরপরই পুরো এলাকায় জোরদার তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন