পাবনায় বিএনপি নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম এবং স্থানীয় বিএনপি নেতা রিপনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটের ইজারাদারের কার্যালয়ে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজারাদার আব্দুস সালাম নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি হাটের ইজারার পাশাপাশি স্থানীয়ভাবে শ্রমিক লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। অপরদিকে নিহত রিপনও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার জানান, জোড়া মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন ও জড়িয়াদের গ্রেফতরে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা