একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও: পুলিশের জলকামান নিক্ষেপ

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও: পুলিশের জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা। 

বৃহস্পতিবার (৫ মার্চ) মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা জানান, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একত্র করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা ফেরতের দাবিতে আন্দোলন করছেন। এদিন তারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের প্রধান অভিযোগ হলো, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের একটি সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি ‘হেয়ার কাট’ নামে পরিচিত। গ্রাহকদের দাবি, এই সিদ্ধান্তটি সাধারণ আমানতকারীদের জন্য অত্যন্ত অন্যায্য ও অমানবিক।

বিক্ষোভকারীরা জানান, অনেক গ্রাহক তাদের সঞ্চিত মূলধন ও মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মুনাফা কেটে মাত্র ৪ শতাংশে নামিয়ে আনা আমানতকারীদের অধিকার ক্ষুণ্ন করেছে। দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বেলা ১১টায় শুরু হওয়া এই কর্মসূচির কারণে শাপলা চত্বরসহ মতিঝিল এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে বাধা দেয় এবং পরে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন