গোপালগঞ্জে সকল মানুষ সমান সুবিধা ভোগ করবে: এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে সকল মানুষ সমান সুবিধা ভোগ করবে: এমপি ডা. কে এম বাবর

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, "এই সমাজে একজন মুসলমান যে সুযোগ-সুবিধা ভোগ করে, সনাতন ধর্মাবলম্বীরাও ঠিক সমান অধিকার পাবেন। হিন্দু সম্প্রদায়কে কেউ হুমকি দিলে তা কঠোর হস্তে দমন করা হবে।"

বুধবার (৪ মার্চ ২০২৬) রমজানের ক্লান্তি উপেক্ষা করে দিনভর নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করেন তিনি। সকালে সদর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে ডা. বাবর ছুটে যান গান্দিয়াসুর রঞ্জন গোঁসাই সেবাশ্রমে। সেখানে ভক্তদের উদ্দেশে তিনি আশ্বস্ত করেন যে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় বর্তমান সরকার ও তিনি নিজে আপসহীন। এ সময় তিনি সেবাশ্রম মন্দির পর্যন্ত রাস্তা কার্পেটিং করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সভায় জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিকেল ৪টায় সংসদ সদস্য ডা. কে এম বাবর পৌঁছান 'হরিচাঁদ গুরুচাঁদ সাতপাড় সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে'। সেখানে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. বাবর বলেন, "নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম সাতপাড়ে একটি মডেল মন্দির করে দেব। আপনারা জায়গা নির্ধারণ করে দিন, আমি দ্রুততম সময়ে সেখানে একটি দৃষ্টিনন্দন মডেল মন্দির স্থাপন করব।"

তিনি আরও বলেন, গোপালগঞ্জ হবে সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন