ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় এক অস্বচ্ছল পরিবারের প্রধানের অকাল মৃত্যুতে তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হিতৈষী’।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল (তারা বাজার) এলাকায় মৃত পল্লী চিকিৎসক তোফাজ্জল মিয়ার পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তোফাজ্জল মিয়া গত মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই শোকাবহ সংবাদ পেয়ে হিতৈষী সংগঠনের সদস্যরা দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমনের নেতৃত্বে বুধবার বিকেলে চাল, ডাল, তেল, আলু, লবণসহ এক মাসের প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী নিয়ে ওই বাড়িতে পৌঁছান সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, "অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের হিতৈষী সংগঠনের মূল লক্ষ্য। তোফাজ্জল মিয়ার অকাল মৃত্যুতে তার পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"
খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, শাহীন আলম, আজাহার আলী, আশা খান, অনিক ও বুলেট উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী হিতৈষী সংগঠনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও এমন অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ