বিদেশি মদ-বিয়ারসহ ভাটারা থেকে গ্রেপ্তার আবু বক্কর কারাগারে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার মো. আবু বক্কর সিদ্দিক (৫৪) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তার জামিন আবেদন মুলতবি রেখে এই নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ভাটারা থানার উপপরিদর্শক আসাদুজ্জামান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী জান্নাতুল বর্ণা জামিনের জন্য আবেদন জানালে আদালত আগামী ২০ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার ১০০ ফিট ফ্যামিলি বাজারের সামনে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে নূরেরচালা সমতা এলাকার ১১২৬ নম্বর বাসার চতুর্থ তলায় অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির শয়নকক্ষের আলমারি থেকে হান্টার বিয়ার, ব্ল্যাক ক্লিয়ার বিয়ার, ম্যাকডাওয়েলস মদ ও নিক্কা উইলকিনসন ভদকাসহ আনুমানিক ৩৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করার দাবি জানায় পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকায় এসব অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছিলেন বলে অভিযোগে জানানো হয়। পরবর্তীতে ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।