অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনসিপির সেই নেত্রী বহিষ্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনসিপির সেই নেত্রী বহিষ্কার

সকালবেলা অনলাইন: ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া সাদিয়া আক্তার (২৩) নেত্রকোনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় কমিটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে সাদিয়ার বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর কুড়পাড় এলাকায় অর্থ লেনদেনের সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন প্রতারণা মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে ১৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন