নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত
মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নাটোরের নলডাঙ্গায় মশক নিধন অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও জনবসতিপূর্ণ এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও জমানো পানি অপসারণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন যুবদল নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ে। কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জনস্বার্থে ও সামাজিক দায়বদ্ধতা থেকে নলডাঙ্গার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।
এ সময় নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, সদস্য সচিব আলতাফ হোসেন মন্ডল, যুবদল নেতা তৌহিদুল ইসলাম ডলার, আব্দুল মান্নান ও মুক্তার হোসেন মুক্তাসহ উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এআইএল/সকালবেলা