সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনের সম্পদ জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনের সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার সংশ্লিষ্টদের নামে যুক্তরাজ্যে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগ তদন্ত করছে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স। তদন্তে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে কয়েকটি ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিটের সন্ধান পাওয়া গেছে। এছাড়া হারো, স্লফ এবং প্রেস্টনসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় তার সম্পদের দীর্ঘ তালিকা আদালতে উপস্থাপন করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, অর্থপাচারের অভিযোগের তদন্তের স্বার্থে এবং এসব সম্পদ যাতে হস্তান্তর বা রূপান্তর করা না যায়, সেজন্য তা দ্রুত জব্দ করা প্রয়োজন। তদন্তকারী দল ইতোমধ্যে বিদেশে সম্পত্তি কেনার চুক্তিপত্র, পেমেন্ট অর্ডার ও বুকিং মানির রশিদের মতো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। আদালতের এই আদেশের ফলে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় এসব সম্পদ ফিরিয়ে আনার পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন