ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে আজ সোমবার (২ মার্চ) এক দিনেই বাতিল হয়েছে ৩৯টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আকাশপথ বন্ধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়। আজ ২ মার্চ বাতিল হওয়া ৩৯টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি এবং এয়ার অ্যারাবিয়ার ৮টি ফ্লাইট।
এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে গুরুত্বপূর্ণ কিছু রুট এখনো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ