তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুনর্গঠিত হয়ে গণতন্ত্র ফিরিয়েছে: ড. মঈন খান

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুনর্গঠিত হয়ে গণতন্ত্র ফিরিয়েছে: ড. মঈন খান

মো. নুরনবী সানি, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে বিএনপি জয়লাভ করেছিল। এবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনিপুণ নেতৃত্বে বিএনপি আবারও পুনর্গঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং নরসিংদীর ৫টি আসনেই বিপুল বিজয় অর্জন করেছে।

রোববার (১ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মঈন খান তার বক্তব্যে আরও বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশ থেকে যে ১০ জন মেধাবী ব্যক্তিকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সেখানে পলাশের কৃতি সন্তান ড. মোমেন খান অন্যতম ছিলেন। তিনি নরসিংদী-১ আসন থেকে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটি নরসিংদীবাসীর জন্য এক বিশাল গৌরব। আমরা সেই গৌরব পুনরুদ্ধার করতে কাজ করছি এবং নরসিংদী বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।"

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তারা দলের ঐক্য বজায় রেখে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন