ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের আয়োজিত ইফতার মাহফিলে বিশৃঙ্খলার জেরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নুর।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দশমিনায় আগমন উপলক্ষে গণঅধিকার পরিষদ এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার বিতরণের সময় অব্যবস্থাপনার কারণে উপস্থিত রোজাদারদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও হট্টগোল শুরু হয়। অনেকেই ইফতার না পেয়ে ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত জাতীয় দৈনিক ‘মানবজমিন’-এর দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ঘটনার ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, ভিডিও করায় ক্ষিপ্ত হয়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাফায়েত হোসেন গুরুতর আহত হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে সহকর্মীরা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী নূরুল হক নুর বলেন, ইফতার বিতরণে কিছু বিশৃঙ্খলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কোনো গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হওয়ার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একজন সংবাদকর্মীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ