ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাসপাতালকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাসপাতালকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ মার্চ) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন। এসময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও স্যানিটারি ইন্সপেক্টররা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শহরের কুমারশীল মোড়ে অবস্থিত আলিফ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, নাজ মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা, পুরাতন জেল রোডের আয়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং ট্যাঙ্কের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে হাসপাতালগুলোতে চরম অপরিচ্ছন্নতা, বৈধ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ওটি (OT) ইনচার্জের অনুপস্থিতি এবং ল্যাব ও এক্স-রে টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা করানোর মতো গুরুতর সব অসঙ্গতি পাওয়া যায়। সেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় এসব জরিমানা করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্যের ভিত্তিতে অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন