বাগেরহাট জেলা হাসপাতালে বেতন বকেয়া: হিসাবরক্ষকের বিরুদ্ধে তদন্ত

বাগেরহাট জেলা হাসপাতালে বেতন বকেয়া: হিসাবরক্ষকের বিরুদ্ধে তদন্ত

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত ৯৪ জন আউটসোর্সিং কর্মী গত আট মাস ধরে বেতন না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটের মাঝেই বেতন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ৬৬ জন পুরাতন এবং ২৮ জন নতুনসহ মোট ৯৪ জন আউটসোর্সিং কর্মী কর্মরত আছেন। এর মধ্যে পুরাতন ৬৬ জন কর্মীর ২০২৫ সালের জুন মাস থেকে বেতন বন্ধ রয়েছে। জনপ্রতি মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন হওয়ার কথা থাকলেও টানা আট মাস কোনো অর্থ না পাওয়ায় ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাদের। ভুক্তভোগী কর্মীদের অভিযোগ, বকেয়া বেতন দ্রুত ছাড় করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হিসাবরক্ষক মহিতুর রহমান বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া অতীতে বেতন দেওয়ার সময়ও জনপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা করে কেটে রাখা হতো বলে তারা দাবি করেন।

আউটসোর্সিং কর্মী আকলিমা বেগম ও জান্নাতুল ফেরদাউস জানান, দীর্ঘ আট মাস বেতন না পেয়ে তারা দিশেহারা। বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। আউটসোর্সিং কর্মীদের সাধারণ সম্পাদক মো. আলামিন সরাসরি অভিযোগ করে বলেন, "বেতন চালুর কথা বলে মহিতুর রহমান আমাদের কাছ থেকে দেড় লাখ টাকা নিলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।" অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিতুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সাংবাদিকদের এড়িয়ে অফিস ত্যাগ করেন।

সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গেলে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহা'র কাছে ভুক্তভোগীরা এই অভিযোগ পেশ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার জানান, অর্থ নেওয়ার অভিযোগটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়াসহ দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন