চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল

সকালবেলা অনলাইন: চলতি মাসের (সেপ্টেম্বর) মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারের ব্যয় সংকোচন নীতি রক্ষা এবং শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় রেখে একযোগে না করে ধাপে ধাপে এ ভোট গ্রহণ করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে, তার অংশ হিসেবে চলতি মাসের শেষেই ইউপির প্রথম ধাপের তফসিল প্রকাশ সম্ভব হবে। অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা এবং সরকারের ব্যয় সংকুচিত রাখার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সব ইউনিয়নে ভোট সম্পন্ন করা হবে।

নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সময় উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরাই প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে পরীক্ষার সময় বাদ দিয়ে তার আগে অথবা পরে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, রাজনীতিতে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট নেতিবাচক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন