রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর

সকালবেলা অনলাইন: রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফর করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছান।

তাঁর এ দুদিনের সফরকে ঘিরে সমগ্র ঠাকুরগাঁও জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফর সফল করতে জেলা প্রশাসন ও নাগরিক কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি এবং জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

ঠাকুরগাঁও নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মোহাম্মদ খায়রুল কবির জানান, পৌঁছানোর পর সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়। পরবর্তীতে তিনি শহরের সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে অবস্থান নেন। বিকেলে জেলা স্কুল মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিন জানান, এদিন দুপুরে জামালপুর ইউনিয়নের মহেশখালীতে বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে পুনরায় গার্ড অব অনার গ্রহণ পূর্বক হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

জেলা প্রশাসক রফিকুল হক জানান, নতুন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও এসএসএফসহ সংশ্লিষ্ট সব সংস্থা নিরাপত্তার সর্বোচ্চ বলয় নিশ্চিত করেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন