মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৈশ্বিক নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও মৌলভীবাজার জেলায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে জেলাটিতে এসেছে প্রায় ৩ হাজার ৮৩৯ কোটি টাকা, যা সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জেলাটিতে ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার ৭৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৬ হাজার ৯৬৩ কোটি টাকার প্রবাসী আয় আসে। যুবকদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ ও বৈধপথে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে যুক্ত হওয়ার প্রবণতাই এ ধারাবাহিক প্রবৃদ্ধির প্রধান কারণ।

এদিকে অর্জিত রেমিট্যান্স প্রবাহ অক্ষুণ্ণ রাখতে ও প্রবাসীদের মর্যাদা সুরক্ষায় বিমানবন্দরে হয়রানি বন্ধসহ ব্যাগেজ চুরি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি হুন্ডি বন্ধে নজরদারি জোরদার এবং সরকারি প্রণোদনা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন